আত্মসমর্পণ করে জামিন চাইবেন বিএনপি নেতা আমান
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন। রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করবেন। এছাড়া চিকিৎসা ও ডিভিশন চেয়েও আবেদন করবেন তিনি। আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মামলায় ১৩ বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করবেন তিনি। এর আগে ৭ আগস্ট হাইকোর্ট দুর্নীতির মামলায় আমান উল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের দণ্ডের রায় বহাল রেখে রায় প্রকাশ করেন। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। এদিকে গত ৩ সেপ্টেম্বর এ মামলায় আদালতে আত্মসমর্পণের পর আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।